মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম দুজন সাংবাদিক পরলোকগমন করেছেন। এদের একজন প্রবীণ ফটোসাংবাদিক শিশির বড়–য়া অন্যজন দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়–য়া।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফটোসাংবাদিক শিশির বড়ুয়া পটিয়ার বাথুয়ার গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে তিনি একাধিকবার প্রদর্শনী করেছেন।
এদিকে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া। তার বয়স হয়েছিল ৬০ বছর। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে দুই সাংবাদিকের মৃত্যুতে শোকবার্তা দেওয়া হয়।
এছাড়া গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান শাহ আলম জাহাঙ্গীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি.... রাজিউন) তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া দীর্ঘদিন মুরাদনগর প্রেস ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে মুরাদনগর প্রেস ক্লাবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।