তথ্য প্রতিমন্ত্রী বললেন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, গণমাধ্যম থাকবে স্বাধীন, চলবে নিজ গতিতে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) চট্টগ্রাম প্রেসক্লাবস্থ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের সাংবাদিকদের অধিকারগুলো নিয়ে আমরা কাজ করব। তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন অনেক ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। এটি বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে। এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, দেশ পরিচালনা করতে সহযোগিতার পাশাপাশি যৌক্তিক সমালোচনাও প্রয়োজন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যা যথাযথভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ প্রমুখ।