ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের ম্যাচ বর্জন এবং দলটির অবনমনের পর সৃষ্ট জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সমস্যা সমাধানে ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক নিয়ে বছরের পর বছর ধরে চলা এই অনিয়ম দূর করতে ভবিষ্যতে 'ত্রিপক্ষীয় চুক্তি' (ট্রাইপার্টি কন্ট্রাক্ট) চালুর পরিকল্পনা করছেন, যা তিনি পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হলে বাস্তবায়ন করতে চান।
বারবার প্রতিশ্রুতি দিয়েও বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় গত শুক্রবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। মাঠে দল না নামায় বাইলজ বা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়, যার ফলে প্রিমিয়ার লিগ থেকে সরাসরি অবনমন ঘটে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্সের।
তবে এই কঠোর নিয়মের বেড়াজালেও ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় ইতিবাচক তামিম ইকবাল। শুক্রবার রাতে বিসিবি নির্বাচনের ক্যাটাগরি-২ (ক্লাব কোটা) প্রার্থীদের পরিচিতি সভায় তিনি বলেন, "ঘটনাটি ঘটার পরপরই আমি ব্রাদার্সের কর্মকর্তা এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আমরা চেষ্টা করব ক্রিকেট বোর্ড, ক্লাব এবং ক্রিকেটারদের নিয়ে একসাথে বসে একটি যৌক্তিক সমাধান বের করার। বাংলাদেশ ক্রিকেটের মঙ্গলের জন্য যদি বোর্ডের সম্মতিতে নিয়মের (বাইলজ) বাইরে গিয়েও কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেটিও করার চেষ্টা করব। দিনশেষে আমরা চাই খেলাটা মাঠে গড়াক।"
এদিকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ইতিমধ্যেই খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। ব্রাদার্সের এমন আচরণের জন্য ক্লাবের আরও কঠোর শাস্তির পাশাপাশি বিতর্কিত কর্মকর্তা আমিন খানকে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে তারা। তবে এই মুহূর্তে কোনো একক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মন্তব্য না করে, সবার সাথে আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করতে চান বিসিবি অ্যাডহক কমিটির প্রধান।
লিগের চলমান চমৎকার আবহের মাঝে ব্রাদার্স ইস্যুটি দ্রুত সমাধান করার আশা ব্যক্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী সংস্কারের ওপর জোর দেন তামিম। তিনি মনে করিয়ে দেন, পারিশ্রমিক নিয়ে জটিলতা নতুন কিছু নয়, এটি গত ১৫-২০ বছর ধরেই চলছে। যেহেতু চুক্তি সরাসরি ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে হয়, তাই এখানে বোর্ডের সরাসরি দায় থাকে না। তবে এই ব্যবস্থার পরিবর্তন দরকার।
তামিম ইকবাল তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "প্রতি মৌসুমেই কোনো না কোনো দলের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ ওঠে। এই সংস্কৃতির বদল ঘটাতে আমাদের ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে ভাবা উচিত। যেহেতু বিসিবি প্রতি ক্লাবকে ২৫-৩০ লাখ টাকার মতো অনুদান দেয়, তাই এমন সংকট তৈরি হলে বোর্ডেরও সেখানে শক্ত কথা বলার আইনি সুযোগ থাকা উচিত। সামনে যে নির্বাচিত বোর্ড আসবে, তারা প্রিমিয়ার লিগে এই ত্রিপক্ষীয় চুক্তি চালুর বিষয়টি বিবেচনা করবে বলে আমি আশা করি। এতে করে এই ধরণের অনাকাঙ্ক্ষিত সমস্যা চিরতরে কমে আসবে।"