রাতে মেট্রোরেলের চলাচল বাড়ছে ২০ মিনিট

মেট্রোরেলের চলাচলের সময় আগামীকাল রবিবার (৭ জুন) থেকে ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ফলে রাতের বেলা ট্রেন চলাচলে উভয় দিকের সময় বাড়বে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হয়। আর মতিঝিল থেকে উত্তরাগামী রাতের সবশেষ ট্রেন ছাড়ে রাত ১০ টা ১০ মিনিটে। এখন তা ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে। এখন তা ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে গত এক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আগামীকাল যাত্রী পরিবহন শুরু হবে। তবে শুরুতে বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল একটি ট্রিপ দেবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে ১০ মিনিটের।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম গণমাধ্যমে বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামীকাল থেকে রাতে উভয় দিক থেকে ২০ মিনিট বাড়তি চলাচল করবে। আরও সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে বাড়ানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায় থেকে।

উল্লেখ্য, ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর।