গাইবান্ধায় সিগন্যাল অমান্য করে রেললাইন পারাপারের চেষ্টা, যুবক নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রিপন মিয়া (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।‎ শনিবার (৬ জুন) সকালে বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন কলেজ মোড় সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ‎হরিরামপুর ইউনিয়নের (ধুনদিয়া) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্ দুদু মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশনে দাঁড়ায়। কিছুক্ষণ পর গাইবান্ধার উদ্দেশে রওনা হয়। এসময় রিপন মিয়া কলেজ মোড় সিগন্যাল অমান্য করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ‎পরে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ‎বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান,  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।