চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. বিন মনির (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় পুকুর থেকে মাহারা নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফকির মাওলানা আশরাফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই এলাকার প্রবাসী মো. মনিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,শিশুটি দুপুরে মাদরাসা থেকে বাড়িতে ফিরে এসে পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার জানত বলেও জানিয়েছে স্থানীয়রা। তবে কিভাবে সে পানিতে তলিয়ে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় মাহারা নামে অপর এক শিশুও পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে দুজনকেই পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। এ সময় মাহারা নামে কন্যাশিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মো. বিন মনিরের অবস্থা ছিল আশঙ্কাজনক।
শিশুটিকে প্রথমে সাউথ চট্টগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
