বগুড়ার ধুনটে একটি ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে শুকুর আলী (৭২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চালক উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের বাসিন্দা।
ধুনট থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শুকুর আলী অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে শনিবার সকালে লোহার তৈরি মালামাল নিয়ে তিনি মরিচতলার উদ্দেশে রওনা হন। পথে নারায়ণপুর গ্রামের একটি সরু ও উঁচু সেতু পার হওয়ার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে