আট জেলায় সড়কে ঝরল ১১ প্রাণ

আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। এর মধ্যে কুড়িগ্রামে বাবা-ছেলে, নরসিংদীতে চাচা-ভাতিজা ও কুমিল্লায় একই ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

কুড়িগ্রাম : রাজারহাটে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। পরে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া আল আমিন পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কুমিল্লার বরুড়া উপজেলার মইসার গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে ছানা উল্লাহ (৩২) ও মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের রবিউলের ছেলে অন্তর (২২)।

নরসিংদী : বেলাবতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। গত শুক্রবার রাতে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার বাজনাব এলাকার ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান এবং নুরুল ইসলামের ছেলে নাহিদ। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বেলাব থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সুনামগঞ্জ : দিরাই উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে আনোয়ার হোসেন ও ট্রাকচালক খালেক মিয়া ট্রাকে ইট নিয়ে দিরাই সদরে যান। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ভেতরে আটকে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। নিহত লোকমান মিয়া (২২) উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। গতকাল ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, দুর্ঘটনায় পিকআপচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দুমকি (পটুয়াখালী) : দুমকির লালখা ব্রিজসংলগ্ন সড়কে ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং চালক জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। নিহত মাশরুফার বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহতের লাশ উপজেলা হাসপাতালে রয়েছে। দুমকি থানার ওসি সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে ট্রাকের চাপায় মজিবুল হক (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুল হক উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম  খৈয়াছড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সোনারগাঁওয়ে সয়াবিন তেলবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক নিহত হন। এ ঘটনায় হেলপার আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম বাবলু (৫০)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার রামকৃষ্ণবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।