যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ভারতের হায়দরাবাদের ২৮ বছর বয়সী অংশুল কুঞ্চা। শুক্রবার (৫ জুন) এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলাডেলফিয়া পুলিশ।
উচ্চশিক্ষার জন্য প্রায় চার বছর আগে যুক্তরাষ্ট্রে যান অংশুল। তিনি উত্তর ফিলাডেলফিয়ার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। অতিরিক্ত আয়ের জন্য সপ্তাহান্তে পিৎজা ডেলিভারির কাজও করতেন। পরিবারের কাছে পাওয়া তথ্য অনুযায়ী একটি নির্জন ঠিকানায় পিৎজা পৌঁছে দিতে গিয়ে তিনি হামলার শিকার হন। তার মাথায় কাছ থেকে একাধিক গুলি করা হয়। ঘটনাটি পরিকল্পিত ফাঁদ ছিল বলে পরিবারের ধারণা।
পরিবারের দাবি, ঘটনার পর অংশুলের কোনো জিনিসপত্র খোয়া যায়নি। তাই ডাকাতিই হামলার উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তারা জানিয়েছে, মুখোশধারী দুই ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে।
ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, একটি আবাসন প্রকল্পের খালি একটি ফ্ল্যাটের ঠিকানায় পিৎজা সরবরাহের অর্ডার পেয়েছিলেন অংশুল। পরে দেখা যায়, ঠিকানাটি ফাঁকা ছিল। ঘটনাস্থল থেকে তিনটি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে হামলাকারী খুব কাছ থেকে গুলি চালিয়েছিল।
এদিকে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট শোক প্রকাশ করে জানিয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। পরিবারটি অংশুলের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।