বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে জেনেভায় সৌজন্য সাক্ষাৎ করেছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও অধিকার সংশ্লিষ্ট ১৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে ঢাকা-প্যারিস সরাসরি বিমান চলাচল চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। প্রবাসীদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে এসব দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
জানা গেছে, ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলও) উপলক্ষে মন্ত্রী জেনেভা সফরে রয়েছেন। সম্মেলনে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি মিলিয়ে প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারীর সমাগম ঘটছে। এর আগে শনিবার রাত ১০টায় জেনেভা বিমানবন্দরে পৌঁছালে ফ্রান্স বিএনপির নেতারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
স্মারকলিপি গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত বিষয়গুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম রাসেল, আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, বিএনপি নেতা আল-আমিন, কামরুল ইসলামসহ অন্য নেতারা।