নতুন কিছু সহজে শেখার দারুণ একটি কৌশল আবিষ্কার করেছিলেন কোয়ান্টাম তড়িৎ-গতিবিজ্ঞানে মৌলিক অবদানের জন্য ১৯৬৫ সালে পদার্থে নোবেল পুরস্কারপ্রাপ্ত মার্কিন বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান। তার নামানুসারেই টেকনিকটির নামকরণ করা হয় ফাইনম্যান টেকনিক।
বিজ্ঞানী ফাইনম্যান কোনো কিছুকে গভীরভাবে জানার জন্য এই কৌশলটি আবিষ্কার করেন। এই পদ্ধতিটির চারটি ধাপ রয়েছে।
প্রথম ধাপ
যে বিষয়টি আয়ত্ত করতে চান, তার নাম একটি কাগজে লিখুন। তারপর সে বিষয়ে পড়াশোনা করুন এবং সব তথ্য ওই কাগজটিতে লিখে রাখুন।
দ্বিতীয় ধাপ
এরপর কল্পনা করুন, আপনি শিশুদের ক্লাসরুমে শিক্ষক হিসেবে রয়েছেন। এবার বিষয়টি শিশুদের সহজে বোঝানোর চেষ্টা করুন।
তৃতীয় ধাপ
বোঝাতে গিয়ে উপলব্ধি করবেন অনেক বিষয়। নিজের কাছেই এখনো পরিষ্কার নয়। সেগুলো চিহ্নিত করুন। এই ঘাটতি পূরণ করতে পুনরায় পড়াশোনা করুন।
চতুর্থ ধাপ
এরপর পুনরায় শিশুদের একটি ক্লাসরুমে নিজেকে কল্পনা করে তাদের বোঝানোর চেষ্টা করুন। যখন আপনি সহজে ব্যাখ্যা করতে পারবেন, তখন বুঝতে হবে বিষয়টি সম্পূর্ণরূপে আপনার বোধগম্য হয়েছে।
এই প্রক্রিয়ায় যেকোনো জটিল বিষয় যেকোনো ব্যক্তি সহজে আয়ত্ত করতে পারেন। তবে নিজে নিজে পড়াশোনা করে সব বিষয় নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে ওই বিষয়ে অভিজ্ঞ কারও সহায়তা নিতে পারেন।