স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইনের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিসের প্রতিবাদ, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ নানা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন ডক্টরস কমিউনিটি। গতকাল রবিবার দুপুরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ইন্টার্ন ডক্টরস কমিউনিটি আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মিনহাজুল আবেদিন, ইন্টার্ন চিকিৎসক সালমা এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস কমিউনিটির সভাপতি ডা. শাওকাতুল ইসলাম।

বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) একটি নোটিস জারি করেছে, যেখানে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের মধ্যে মাত্র এক হাজার জনকে সরকারি ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। তারা এ সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে এর প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, এফসিপিএসের মতো দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল কোর্স সম্পন্ন করতে বিপুল অর্থের প্রয়োজন হয়। সীমিত সংখ্যক চিকিৎসককে ভাতা প্রদান করলে অধিকাংশ প্রশিক্ষণার্থী আর্থিক সংকটে পড়বেন। তারা জানান, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পরীক্ষার বয়সসীমা বৃদ্ধিসহ ছয় দফা দাবি সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। তবে এসব দাবির বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং চিকিৎসকদের ওপর বিভিন্ন ধরনের অযৌক্তিক নির্দেশনা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের চিকিৎসাসেবা থেকে বিরত থাকার ঘোষণা দেন।