শহরের পৌর পার্কে যুবকের ঝুলন্ত লাশ

পটুয়াখালী শহরের পৌর পার্ক এলাকা থেকে মো. সায়েম বেপারী (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে শহরের গরুর বাঁধঘাট এলাকায় অবস্থিত পটুয়াখালী পৌর পার্কের প্রধান গেটসংলগ্ন প্রশাসনিক ভবনের পেছনের একটি টিনশেড বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সায়েম বেপারী পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মজিবর বেপারীর ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন এবং কর্মসূত্রে পটুয়াখালীতে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্কের প্রধান গেটের পাশে প্রশাসনিক ভবনের পেছনে থাকা একটি টিনশেড ঘরের ভেতরে কাঠের আড়ার সঙ্গে গলায় চিকন রশি পেঁচানো অবস্থায় সায়েমের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পটুয়াখালী সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।