বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট এ-১ (অ্যাভিয়েশন ফুয়েল) এর নতুন মূল্যহার নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার বিইআরসি এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কমিশনের আদেশ অনুযায়ী, নতুন মূল্যহার শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ২৩ মে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। সেই হিসেবে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ১৫ দিনের ব্যবধানে কমল লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ০.৯৮০৮ মার্কিন ডলার।
বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেট, বিপিসির এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তনের কারণে পরিবহন ব্যয়ের ওঠানামা বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হয়েছে।