ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৭ এএম

ঈদুল আজহার আগের রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে ডিবি পুলিশের পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের এক ম্যানেজারকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় চক্রটি। অবৈধ মাদক রয়েছে বলে অভিযোগ তুলে চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর কমলাপুর রেলস্টেশন এলাকায় ভুক্তভোগী দুজনকে ফেলে চলে যায় তারা।

ডিবি পুলিশ পরিচয়ে এ ডাকাতির ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনÑ শহিদুল ইসলাম মাঝি, আব্দুল মালেক, মনির হোসেন, ইউসুফ কাজী, রাইসুল ইসলাম, আরিফুল ইসলাম, আফজাল হোসেন, তিন্নাথ পাল ও রিপন পাল।

গতকাল রবিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ রানা এসব তথ্য জানান।

এডিসি মাসুদ রানা বলেন, মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওয়ারী থানা পুলিশের একটি দল গত শনিবার সকালে ইত্তেফাক মোড় এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হাতকড়া (হ্যান্ডকাফ), লাঠি ও মোবাইল উদ্ধার করা হয়। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

মাসুদ রানা বলেন, পুনরায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় আরও একটি মামলা হয়েছে। তদন্তের স্বার্থে চক্রটির অন্যান্য সদস্যকে গ্রেপ্তার এবং স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত