দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের। হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২২১ জনের শরীরে। গত ১৫ মার্চ থেকে সরকারি হিসাবে এখন পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২০ জনে। এর মধ্যে হামে ৯১ জন এবং সন্দেহজনক হামে ৫২৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৭ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৭৯ হাজার ১২ জনের এবং এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ৬৮৬ জনের। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন। এ ছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৬৪ জন।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম ময়মনসিংহ এবং খুলনা বিভাগের একজন করে মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৫০৭ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী রয়েছে ৫১ জন।