মিমের নতুন খবর

এবার দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। ওটিটি জায়ান্ট চরকির নতুন অরিজিনাল ফিল্মটির নাম রাখা হয়েছে ‘লাইফলাইন’। এটি পরিচালনা করেছেন কাজী আসাদ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি। পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম 'লাইফলাইন' আসছে শিগগিরিই।’ 

পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির। 

তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গল্প ঠিক কী নিয়ে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।