চট্টগ্রামে শিশু ধর্ষণের চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল

চট্টগ্রামে  চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আদালতে দাখিল করা চার্জশিট  আমলে নিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) আদালতে আসামির উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন।

মামলার একমাত্র আসামি মনির হোসেনের (৩০) বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়া থানা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলার চার্জশিট আমলে নিয়ে আগামীকাল মঙ্গলবার (৯ জুন) অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) আদালতের প্রশিকিউশন শাখায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার পরিদর্শক তানভীর আহমেদ।

পুলিশ বলছে, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গত ২১ মে বিকেলে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।  ঘটনার পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়।