মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় শত বছরের পুরোনো একটি বাড়ির রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এতে দীর্ঘ এক বছর ধরে শতাধিক পরিবারের অন্তত কয়েকশ মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা স্কুলে ও কৃষকরা ধান কেটে তাদের বাড়িতে নিয়ে যেতে পারছে না। বিষয়টি মীমাংসার জন্য সামাজিকভাবে একাধিকবার বৈঠকে বসেও প্রতিপক্ষ না মানার কারণে কোনো সুরাহা হয়নি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে,বাড়ির লোকজনের চলাচলের একমাত্র রাস্তায় কাঁটা (বরই গাছের কাঁটা) বিছিয়ে রাখা হয়েছে। সেই কাঁটার ওপর দিয়েই ঝুঁকি ও কষ্টে করে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সেখানে জড়ো হওয়া ভুক্তভোগী লোকজন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগী মোজাহের আহমদ ও লায়লা বেগম বলেন,জন্মের পর থেকেই বাড়ির এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছি। গত বছর এক সালিসি বৈঠকে ছৈয়দুল হক ও আজম খায়েরের ছেলেদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তারা রাস্তাটি নিজেদের দাবি করে কাঁটা বিছিয়ে পথ বন্ধ করে দেয়। বাড়ির লোকজন তাদেরকে বুঝালেও তারা তাতে কর্ণপাত করেননি।
এবিষয়ে জানতে ছৈয়দুল হকের ছেলে ও মাদক মামলার তালিকাভুক্ত আসামি কালা মিয়া ও নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি মীমাংসা করার জন্য বেশ কয়েকবার উভয়পক্ষ নিয়ে বৈঠক করেছি। কিন্তু চলাচলের পথটি ছৈয়দুল হকের পরিবার তাদের দাবি করায় কোনো সুরাহা হয়নি।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন,সমাজের লোকজনের চলাচলে কেউ বাধা সৃষ্টি করা অন্যায়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
