কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফান (৩২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। পরে তাঁরা মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন গলি দিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত দুটি বাস ও অন্যান্য আলামত জব্দের পাশাপাশি ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
