দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে প্রতিবাদী মশাল মিছিল ও সমাবেশ করেছে দাউদকান্দি যুবদল। সোমবার (৮ জুন) রাত পৌনে ৯টায় দাউদকান্দি উপজেলা যুবদলের আয়োজনে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দাউদকান্দি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে  মিছিল শেষ হয়।

জানা যায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও প্রজন্মলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ওই মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার। 

তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক যাত্রাকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে একটি মহল নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। যুবদল সবসময় জনগণের পাশে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলনে ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, যে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দাউদকান্দি  যুবদল ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করা হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

মিছিলে উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন কমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি  বোরহানউদ্দিন ভূঁইয়া, পৌর জাসাসের সদস্য সচিব মুধু সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য বোরহানউদ্দিন প্রমুখ।

উল্লেখ,  সোমবার (৮ জুন)  সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতুলি এলাকায়  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ঝটিকা মিছিল করে। মিছিলের ৫৫সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে দাউদকান্দি উপজেলা  যুবদল মশাল মিছিল করে।