কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:০৩ এএম

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। 

রবিবার (৮ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী হঠাৎ সড়কে নেমে মিছিল শুরু করেন। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই ঝটিকা মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রের ভাষ্য, প্রথমে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও পরে স্থান পরিবর্তন করা হয়। এরপর সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে ইউটার্ন মোড়সংলগ্ন এলাকায় আকস্মিক মিছিল করেন।

মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় কয়েকজনকে আটক করা হয় এবং মিছিলে ব্যবহৃত কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ দমনে ছাত্রদল প্রস্তুত। মিছিলের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত