২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামে এক শিশুর ‘মৃত্যু’

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া শিশু বারহাট্টা উপজেলার বাসিন্দা। তার বয়স ছয় বছর।

মমেক হাসপাতাল জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের তথ্যানুযায়ী, ১৭ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত ১ হাজার ৯৮৬ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৩৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে সিট ক্যাপাসিটির তুলনায় রোগীর চাপ অনেক বেশি। সবাইকে হাম সংক্রমণ প্রতিরোধে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।