ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড পাশে শহীদ রেদোয়ান হোসেন সাগর চত্বরে আগুনের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শহীদ রেদোয়ান হোসেন সাগর চত্বরে বসে তারা অনশন কর্মসূচি শুরু করে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে আগুনের এ ঘটনা ঘটে।
অনশন অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছেন বলে তারা মনে করছেন।
জুলাইয়ের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে সাগর চত্বরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ তার সংগঠনের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হন।
শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরীর চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন সাগর নিহত হন। ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে তাঁর স্মরণে গড়ে তোলা হয় ‘সাগর চত্বর’।