গ্ল্যামার ওয়ার্ল্ডের পাঁচ তারকার জন্মদিন আজ

আজ ৯ জুন গ্ল্যামার দুনিয়ার ৫ আলোচিত তারকার জন্মদিন। তারা হলেন হলিউডের জনি ডেপ, নাটালি পোর্টম্যান, বলিউডের সোনম কাপুর, আমিশা প্যাটেল এবং ঢালিউডের নিপুণ আক্তার। বিশেষ দিনে তাদের কয়েকটি উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হলো- 

জনি ডেপ : পাইরেটস অব দ্য কারিবিয়ান খ্যাত বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা জনি ডেপ। ১৯৬৩ সালের ৯ জুন আমেরিকার কেনটাকিতে জন্ম নেওয়া এই অভিনেতা মানেই চোখের চারপাশে গাঢ় কাজল, অদ্ভুত সব পোশাক, আর পর্দায় এমন এক খামখেয়ালি চরিত্র যা দর্শকদের এক নিমেষে বাস্তব পৃথিবী থেকে দূরে কোথাও নিয়ে যায়। জীবনের নানা চড়াই-উতরাই পার করলেও জনি ডেপ তার অভিনয় দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে এমন এক আসন তৈরি করেছেন, যা ভাঙা অসম্ভব। 

নাটালি পোর্টম্যান : ১৯৮১ সালের আজকের দিনে জুন জন্মগ্রহন করেন মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যান। ইজরায়েলি ও মার্কিন নাগরিক তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি ছবি প্রযোজনা ও পরিচালনা করেন। ১৯৯২ সাল থেকে তার অভিনয় যাত্রা শুরু। ২০১১ সালে তিনি অস্কার পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে কাজ করতে গিয়ে ছবিটির কোরিওগ্রাফার ও ব্যালে নৃত্যশিল্পী বেঞ্জামিনের সঙ্গে পরিচয় হয় নাটালির। পরিচয় থেকে প্রেম এবং পরের বছরের ডিসেম্বরে নিজেদের বাগদানের ঘোষণা দেন এই জুটি। এর কিছুদিন পর নাটালি নিশ্চিত করেন, মা হতে চলেছেন তিনি। ২০১১ সালের জুনে ছেলে অ্যালেফ পোর্টম্যান মিলেপিয়েডের জন্ম দেন নাটালি। 

নিপুণ আক্তার : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার জন্ম নেন ১৯৮৪ সালে।  তার জন্ম হয়েছিল কুমিল্লার জালগাঁওয়ে। দেশ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর তিনি ১৯৯৯ সালে চলে যান রাশিয়ায়। মস্কোতে নিপুন ২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে পড়াশোনা শেষ করে ২০০৬ সালে ফিরে আসেন দেশে। ওই বছরই অভিনয়ে নাম লেখান। নিপুণ আরও জানান, জন্মদিনে কখনোই তিনি তেমন কোনো আয়োজন করেন না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। 

সোনম কাপুর : অভিনেত্রীর পাশাপাশি ফ্যাশন আইকন বলেও পরিচিত সোনম কাপুর।  তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরের কন্যা, যিনি এখনও ইন্ডাস্ট্রিতে সক্রিয়। বাবা এখনও বলিউডে কাজ করছেন, তবে সোনম নিজে সিনেমা থেকে দূরে৷ গুছিয়ে সংসার করছেন। ১৯৮৫ সালে মুম্বাইয়ের চেম্বুরে জন্মগ্রহণ করেন। আগে তার অভিনয় করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু পরে তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নেন এবং অভিনয়ে তার কর্মজীবন শুরু করেন। আজ পরিবারের সবাইকে নিয়েই দিনটি কাটাচ্ছেন তিনি। 

আমিশা প্যাটেল :  বলিউডের অন্যতম চর্চিত নায়িকা হলেন আমিশা প্যাটেল৷ বলিউডে খুব একটা বেশি ছবি না করলেও কন্ট্রোভার্সিতে হামেশাই থাকে আমিশার নাম। আজ তিনি স্পর্শ করলেন জীবনের ৫২তম বসন্ত। এখনও কেন তিনি বিয়ে করেননি- প্রায়ই তাকে এমন কথা শুনতে হয়।  আমিশা জানান, তিনি তার অর্ধেক বয়সী কোনো পুরুষের সঙ্গে ডেটে যেতে চান। আমি বিয়ের জন্য প্রস্তুত। আমি একজন যোগ্য পুরুষ খুঁজছি। কথায় আছে, 'ইচ্ছা থাকলে উপায় হয়।' যে পুরুষ আমাকে খুঁজে পাবে এবং সঠিক পছন্দটি করবে, সে-ই হবে আমার প্রিয়।