চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হামলায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমেরী আহত হয়েছেন। গত ৬ মার্চ দৈনিক যুগান্তরে অবৈধ বালু উত্তোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আবেদুজ্জমানের ওপর হামলা করে বলে জানান আহত সাংবাদিক আবেদুজ্জমান আমেরি।
একাধিক প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার এক যুবদল নেতার নেতৃত্বে ২০–৩০ জনের একটি দল পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে। একপর্যায়ে তারা সেখানে অবস্থানরত সাংবাদিকদের প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং তাদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক আবেদুজ্জমান আমেরীকে বেধড়ক মারধর করা হয়।
আহত সাংবাদিক আবেদুজ্জমান আমেরী বলেন, ‘আমরা প্রতিদিনের মতো পটিয়া প্রেস ক্লাবে বসেছিলাম। হঠাৎ পটিয়া পৌরসভার এক যুবদল নেতার নেতৃত্বে একদল লোক প্রেস ক্লাবে প্রবেশ করে। তারা আমাদের জোরপূর্বক প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং পরে মারধর শুরু করে।’ হামলা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার সময় প্রেস ক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পটিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
ঘটনার পর পটিয়ার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত