মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি পরিবারের সদস্যদের ডেকে জানান যে তার মা মারা গেছেন। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ দেখতে পান।
স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে এর আগে কখনও তিনি কারও ক্ষতি করেননি।
নিহতের নাতি রাসেল জানান, তার ফুপু নিজেই হত্যার বিষয়টি স্বীকার করে তাদের ডাকেন এবং পুলিশে খবর দিতে বলেন।
প্রতিবেশী ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মুঞ্জু বলেন, কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : জামায়াত আমির