আয়ারল্যান্ডের কাছেও হার জ্যোতিদের; বিশ্বকাপের আগে বিবর্ণ প্রস্তুতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মোটেই ভালো হলো বাংলাদেশ নারী দলের।  স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু করে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ—টানা ব্যর্থতার বৃত্তেই বন্দি রইলেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ ম্যাচেও ১১ রানে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। 

বিশ্বকাপের আবহ তৈরি করতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। তবে সেখানে পারফরম্যান্স ছিল চূড়ান্ত হতাশাজনক। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দলগুলোর কাছে পরাজিত হওয়ার তিক্ত স্বাদ পেতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩ উইকেটে ১৯৩ রানের পাহাড়সম পুঁজি গড়ে কিউই নারীরা। ১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ওভার শেষে মাত্র ১২৫ রানে থমকে যায় টাইগ্রেসদের ইনিংস। ফলে ৬৮ রানের বড় ব্যবধানে হার হারে তারা। 

আজ লাফবরোতেই নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে আইরিশ নারীরা ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ৩৮ বলে ৫০ রানের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরি সত্ত্বেও দলের বাকি ব্যাটারদের ধীরগতির ব্যাটিংয়ের খেসারত দিতে হয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত ১৩২ রানে থামে বাংলাদেশের ইনিংস, যার ফলে ১১ রানের আরেকটি পরাজয় সঙ্গী হয় দলের।

প্রস্তুতি পর্বের এই টানা ধাক্কা ও ব্যর্থতা ভুলে আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হতে যাওয়া মূল বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ দল। টুর্নামেন্টের গ্রুপ '১'-এ থাকা বাংলাদেশের আসল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন। বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।