বিশ্বকাপে রেকর্ড গড়েও ভারতের কাছে হার মেয়েদের

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:২০ পিএম

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পায় বাংলাদেশ। নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে জেতে নিগার সুলতানারা। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যানচেস্টারে আগে ব্যাট করে রেকর্ডগড়া সংগ্রহ পায় বাংলাদেশ। ৮ উইকেটে তোলে ১৩৬ রান। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে আগে ব্যাট করতে নেমে এটিই দলটির সর্বোচ্চ সংগ্রহ। তবু জিততে পারেনি বাংলাদেশ, ৫ উইকেটের হারে সেমিফাইনালে ওঠার সমীকরণ বেশ জটিল হয়ে গেছে।

ভারতীয় ওপেনার শেফালি ভার্মার ঝোড়ো ফিফটিই গড়ে দেয় পার্থক্য। যদিও লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই ৪ রানে একবার জীবন পান তিনি। উইকেটের পেছনে সহজ ক্যাচ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক নিগার। সুযোগ পেয়ে ধ্বংসাত্মক ইনিংস খেলেন শেফালি। মাত্র ২৯ বলে অর্ধশতক করেন তিনি, যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ড। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৩ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। সঙ্গে ইয়াস্তিকা ভাটিয়ার ১৮ বলে ২৩ এবং জেমিমা রদ্রিগেজের ১৫ বলে ২৬ রানের সৌজন্যে ১৯ বল হাতে রেখেই জয় পায় ভারত। বাংলাদেশের হয়ে রিতু মনি সর্বোচ্চ ২ উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার দিলারা আক্তার ৪ রানে আউট হন। এরপর দ্রুত ফিরতে পারতেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। তবে ভারতীয় ফিল্ডারদের অগোছালো ফিল্ডিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে ৫ বার জীবন পান দুজন। এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন তাঁরা। কিন্তু জুয়াইরিয়া ৩১ বলে ৩৩ রানে থামলে সোবহানাও ফিরে যান ২২ রানে।

পরে নিগারের ২৭ বলে ৩২ ও স্বর্ণার ১০ বলে ১৩ রানের সৌজন্যে রেকর্ডগড়া পুঁজি পায় বাংলাদেশ। এসব ছাপিয়ে রিটায়ার্ড আউট হয়ে ইতিহাস গড়েন শারমিন আক্তার। ব্যক্তিগত ১০ রানে ব্যাট করার সময় বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত