সাভারে আসামি ধরতে গিয়ে এসএম শামীম ও মশিউর রহমান নামে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশের দুই সদস্যরা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকায় বক্তারপুর বেদেপাড়া মহল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ওই মাদক মামলার আসামিকে ধরলে প্রথমে ৭-৮ জন পুলিশের ওপর হামলা করে এবং আসামি ছিনিয়ে নিতে চেষ্টা করে। পরে আরও ৪০-৫০ জন পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়।
এর পর সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, দুইজন পুলিশ সদস্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে এএসআই মশিউর পায়ে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং এসএম শামীম মুখে আঘাত পেয়েছে বলে জানান তিনি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম এন্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আসামি পালিয়ে গেছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।