উপসাগরীয় অঞ্চলে নতুন উত্তেজনার আশঙ্কার মধ্যেই ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গত সোমবার ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি কি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করে। গতকাল মঙ্গলবার জন এফ কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তদন্ত শেষে এই দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনী সেখানে অ্যাপাচি, এমকিউ-৯ রিপার ড্রোন এবং এফ/এ-১৮ ও এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রায় ৩০টি চালকবিহীন রিপার ড্রোন এবং কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করলেও, এই প্রথম চলমান সংঘাতে কোনো অ্যাপাচি হেলিকপ্টার হারাল যুক্তরাষ্ট্র। এর আগে গত এপ্রিলে ইরানের হামলায় একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হলেও এর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছিল।
এদিকে, ইরানের সঙ্গে আবার নতুন সংঘাতে জড়ালে ইসরায়েলকে ‘একাই’ যুদ্ধ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরায়েল নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এবং পরে ‘অ্যাক্সিওস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ওপর ট্রাম্পের অসন্তোষ ক্রমাগত বাড়ছে। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি নেতানিয়াহুকে বলেছিলেন বিবি তুমি সতর্ক হও, নইলে খুব শিগগিরই তাকে একাই লড়াই করতে হতে পারে।
এর আগে, দক্ষিণ লেবাননে চলমান হামলার জবাবে গত রবিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ইরানেও পাল্টা হামলা চালায় ইসরায়েল। এরই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েল এবং ইরান উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানান। পরে ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের হাইফা শহরের একটি একই ধরনের স্থাপনায় আঘাত হানে এবং দুইটি ইসরায়েলি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তিচুক্তি লেবাননে যুদ্ধ বন্ধের ওপর আংশিক নির্ভরশীল বলে তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। জানা গেছে, ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে সবশেষ হামলার ঘটনায় নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। যদিও হোয়াইট হাউজ বা নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যগুলো অর্জনের জন্য যুক্তরাষ্ট্র এখন একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ভ্যান্স বলেন, ইরানিরা এই যুদ্ধ অব্যাহত রাখতে চায় না। এটি তাদের জন্য মঙ্গলজনক নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে আসছে এবং বাস্তব কিছু প্রস্তাবও সামনে আনছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করে দেখব। তিনি আরও বলেন, সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে। ভ্যান্সের ভাষায়- ‘যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি হবে আমেরিকান জনগণের জন্য অসাধারণ একটি বিজয়।’