জয়ে শেষ করল ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস

বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ইউরোপের শীর্ষ তিন পরাশক্তি ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এই শেষ সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে দলগুলো। সেখানে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি পর্ব শেষ করে বিশ্বমঞ্চের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি সংগ্রহ করে নিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, ২০১০ সালের শিরোপাজয়ী স্পেন এবং ডাচরা। তিনটি আলাদা ম্যাচের জয়ের ধরন ভিন্ন হলেও মাঠের পারফরম্যান্সে দলগুলো জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার।

অলিসের হ্যাটট্রিকে ফ্রান্সের রাজকীয় জয় : লিলের ডেক্যাথলন অ্যারেনায় উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চমৎকার প্রস্তুতি সারল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ম্যাচের ৪৩ মিনিটে দেম্বেলের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে দলকে লিড এনে দেন অলিস। বিরতির পর ৪৯ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ২৪ বছর বয়সী এই তরুণ তারকা ফরোয়ার্ড। এদিকে ম্যাচের ৬৪ মিনিটে উত্তর আয়ারল্যান্ডের প্যাট্রিক কেলি এক গোল শোধ করে ফরাসি শিবিরে কিছুটা অস্বস্তি ছড়ালেও এর মিনিট দশেক পরেই ২০ মিটার দূর থেকে চোখ ধাঁধানো এক বাঁ পায়ের কার্লিং শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন অলিস। এই জয়ে আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে মূলপর্বের ম্যাচের আগে ফরাসিদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল ২০১৮ আসরের বিশ্বচ্যাম্পিয়নদের।

পেরুকে উড়িয়ে স্পেনের আত্মবিশ্বাসী প্রস্তুতি : ইরাকের বিপক্ষে আগের ম্যাচে ১-১ ড্রয়ে আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছিল স্পেন দলে। তবে দ্রুতই নিজেদের শক্তিমত্তার জানান দিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ মঙ্গলবার সকালে পেরুর বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে লুইস দে লা ফুয়েন্তের দলটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মিকেল ওইয়ারজাবালের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে লিড নেয় স্প্যানিশরা। গোল হজমের পর পেরু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি; ফেররান তরেসের চমৎকার ক্রসে ফাঁকা জায়গায় বল পেয়ে জাল খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসির আত্মঘাতী ভুলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায়।

১০ জনের ডাচদের নাটকীয় জয় : নিউ ইয়র্কের মাঠে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের এক রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন গাকপো। লিড নিয়ে দ্বিতীয়ার্ধে ডাচদের আধিপত্য থাকলেও গোল আসছিল না। উল্টো ৮৭ মিনিটে গোলরক্ষক গাস টিল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। এর মিনিট পাঁচেক পরেই দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ইগর সের্গিয়েভের গোলে সমতায় ফেরে উজবেকিস্তান। ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯৮ মিনিটে) আবারও পেনাল্টি পায় ডাচরা। এ দিন নিজের দ্বিতীয় স্পট কিকেও কোনো ধরনের ভুল করেননি গাকপো। আর তাতেই ম্যাচের যোগ করার সময়ে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। আগামী রবিবার জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে ডাচদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।