নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নীতিনির্ধারণী সভাতেই বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোর প্রধানদের নাম চূড়ান্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে পরিচিত ‘ফ্যাসিলিটিজ’ বা অবকাঠামো উন্নয়ন উইংটি নিজের নিয়ন্ত্রণেই রেখেছেন নবনির্বাচিত এ বোর্ডপ্রধান।
গেল রবিবারের নির্বাচনে ঢাকার ক্লাব, জেলা-বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ২৫ পরিচালক চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২৪ ঘণ্টা পার হতেই বোর্ডে আসে বড় এক পরিবর্তন। রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত আকস্মিকভাবে পদত্যাগ করেন। বিসিবিকে পাঠানো চিঠিতে তিনি ব্যক্তিগত বাণিজ্যিক ব্যস্ততাকে এ পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন। এতে বাকি ২৪ পরিচালককে নিয়ে মিরপুরে গতকাল মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন বোর্ড সভাপতি। সেই সভাতেই ঠিক হয় বিসিবির বিভিন্ন উইং বা স্ট্যান্ডিং কমিটির প্রধানদের নাম।
নতুন এ ক্রিকেট সংগঠনে অর্থসংক্রান্ত দেখভালের মূল দায়িত্ব বা ফাইন্যান্স কমিটির প্রধান করা হয়েছে ইসরাফিল খসরুকে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তৈরি ও পাইপলাইন মজবুত করার গুরুভার অর্থাৎ ‘গেম ডেভেলপমেন্ট’ উইং সামলানোর দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
অন্যদিকে তরুণ প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গঠিত বয়সভিত্তিক বা এইজ গ্রুপ কমিটির শীর্ষ পদে বসানো হয়েছে জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। এ ছাড়া দেশের ক্রিকেটের মূল শক্তির অন্যতম জায়গা হাইপারফরম্যান্স (এইচপি) এবং মাঠের আধুনিকায়নের দায়িত্বে থাকা গ্রাউন্ডস কমিটি এ দুটি গুরুত্বপূর্ণ উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে শাহনিয়ান তানিমকে।
একনজরে বিসিবির কমিটি
ফ্যাসিলিটিজ : তামিম ইকবাল
ফাইন্যান্স : ইসরাফিল খসরু
গেম ডেভেলপমেন্ট : ফাহিম সিনহা
এইজ গ্রুপ : মিনহাজুল আবেদিন নান্নু
এইচপি ও গ্রাউন্ডস কমিটি : শাহনিয়ান তানিম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন : আসিফ রব্বানী
মেডিকেল কমিটি : মাহবুব শামীম
অডিট কমিটি : সাইদ বিন জামান সৌরভ
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল : ইয়াসির ফয়সাল
সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) : মঈন উদ্দিন চৌধুরী
উইমেন্স উইং : রফিকুল ইসলাম বাবু