ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান আইনজীবীরা, যারা ওই সরকারের সময়ে বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়। তাদের কারামুক্তি দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আইনজীবীরা বলেন, মিথ্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছিল। 

দুপুর ১২টার দিকে বিভিন্ন সেøাগান সম্বলিত এই মানববন্ধন করেন আইনজীবীরা।  এ সময় তারা ড. ইউনূসের বিচার চেয়ে সেøাগান দেন এবং আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্যে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট তৌহিদ প্রমুখ।