দুই জেলায় সন্তানের হাতে মা খুন

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

মানিকগঞ্জ ও নেত্রকোনা জেলায় পৃথক ঘটনায় সন্তানের হাতে মা খুন হয়েছেন। এ ছাড়া যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানসিক ভারসাম্যহীন এক নারীর হাতে তার বৃদ্ধ মা খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হরিরামপুরের গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম (৯৫) গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম তার মেয়ে, তিনি মানিকগঞ্জের হাঁটিপাড়া এলাকার মৃত মালেক মিয়ার স্ত্রী।

গালা ইউনিয়ন পরিষদের সদস্য দেওয়ান হাবিবুর রহমান হারেজ বলেন, দুদিন ধরে রোকেয়া বেগম তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার সকালে একটি বঁটি দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই রেজিয়ার মৃত্যু হয়। নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার সদর চল্লিশা এলাকায় ছেলের শাবলের আঘাতে মিনতি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। অভিযুক্ত শ্যামলকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মিনতি চল্লিশাবাজারে কাজ করে এবং ভিক্ষা করে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন। গতকাল দুপুরে খাবার খাওয়ার সময় মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর প্রতিনিধি জানান, জেলার মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ ও জমি নিয়ে বিরোধের জের ধরে নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার স্মরণপুর বাঁশতলায় এ ঘটনা ঘটে। নিহত ইনামুল হোসেন (৪৫) ঝিকরগাছার ফারাসাতপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত