চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে ওজু করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিমা তাসলিম সাদিয়া উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, ভোরে ওযু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। তিনি সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়।