কম্পিউটারের ১০ হাজার বার খেলায় বিশ্বকাপের টপ ফেভারিট আর্জেন্টিনা 

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:২৫ পিএম

বিশ্বমঞ্চে বল গড়ানোর আগেই শুরু হয়ে গেছে গাণিতিক ও বৈজ্ঞানিক চুলচেরা বিশ্লেষণ। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি কার ঘরে যাচ্ছে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিং। প্রায় ১০ হাজার বার পুরো টুর্নামেন্টের কৃত্রিম বা কাল্পনিক সিমুলেশন তৈরি করে চালানো হয় এই গবেষণা। ব্রিটিশ অর্থনীতিবিদ জেমস রিডের পরিচালনায় করা এই বৈজ্ঞানিক গবেষণায় আবারও শিরোপা জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই।

বিশ্ববিদ্যালয়টির বিশেষ এই মডেলে ২০২৩ সালের জানুয়ারি থেকে দলগুলোর আন্তর্জাতিক ম্যাচগুলোর আক্রমণ ও রক্ষণভাগের শক্তি বিবেচনা করা হয়েছে। তবে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা শীর্ষে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই ইউরোপের পরাশক্তিরা। গবেষক জেমস রিড জানান, ‘এবারের আসরে শীর্ষ দলগুলোর মধ্যে ব্যবধান এতটাই কম যে লড়াই হবে অত্যন্ত জমজমাট। এই তালিকায় আর্জেন্টিনার ঠিক পরপরই রয়েছে ফ্রান্স ও স্পেন। পিছিয়ে নেই ইংল্যান্ডও। ‘ তবে রিডের এই গবেষণা মডেলে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল জার্মানির রক্ষণভাগ এবার কিছুটা দুর্বল এবং পর্তুগালের আক্রমণভাগ বেশ শক্তিশালী বলে দেখা গেছে।

ইউনিভার্সিটি অব রিডিংয়ের এই গবেষণার তালিকা অনুযায়ী শীর্ষ ১০টি দল হলো যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, কলম্বিয়া, নেদারল্যান্ডস, জার্মানি এবং উরুগুয়ে। স্বাগতিক দলগুলোর মধ্যে মেক্সিকো ১৫, যুক্তরাষ্ট্র ১৮ এবং কানাডা ২৩ নম্বর অবস্থানে রয়েছে।

অবশ্য এই প্রাতিষ্ঠানিক গবেষণার বাইরে আরও দুটি জনপ্রিয় সুপারকম্পিউটার সিমুলেশনের তথ্য পাওয়া গেছে, যাদের ভবিষ্যদ্বাণী আবার কিছুটা ভিন্ন। খ্যাতনামা ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান 'অপ্টা'র কৃত্রিম বুদ্ধিমত্তা অনুযায়ী, এবার ট্রফি জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা স্পেনের (১৬.১%), যেখানে আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে। এছাড়া ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস ও তাদের গেম সিমুলেশনের মাধ্যমে স্পেনকেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে। উল্লেখ্য, বিগত চারটি বিশ্বকাপের (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২) সঠিক চ্যাম্পিয়ন নির্ধারণ করে ইএ স্পোর্টস ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এ পর্যন্ত কেবল ৮টি দেশ; ব্রাজিল, ইতালি, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, ইংল্যান্ড ও স্পেন। ইতালি এবারের বিশ্বকাপের মূলপর্বে না থাকায় চ্যাম্পিয়নদের খাতায় থাকা অন্য ৭ দল বাদে বাকি ৪১ দল এবার চাইবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে জিতে সেই অভিজাত ক্লাবে নাম লেখাতে।

আগামী বৃহস্পতিবার মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মহাযজ্ঞের। অন্যদিকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'জে' গ্রুপে থেকে ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। এই গ্রুপে লিওনেল স্কালোনির শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া এবং জর্ডান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত