চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মাদক মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আলী (৩৮) দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদকসহ একজনকে আটকের ঘটনা এবং এ সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে স্থানীয় ইব্রাহিম আলী ও মনিরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

 সংঘর্ষের সময় দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন। গুরুতর আহত ইব্রাহিম আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুর্লভপুর গ্রামের জিয়াউলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।