সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা 

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা করেছে ছেলে। 
 
বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
 
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ সুপার জানান, গত ৬ জুন নিহত মারিয়া বেগমের মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৯ জুন মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। 
জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না পেয়ে পুলিশ নিহতের সেজো ছেলে জনাব আলীকে আটক করে থানায় আনে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনাব আলী তার মাকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখা হয়। কয়েকদিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ছেলে আলামিনের সহযোগিতায় গত ৪ জুন রাত আনুমানিক ১২টার দিকে মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেন।
 
তিনি আরও জানান, পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে।
 
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জনাব আলী ও নাতি আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। জনাব আলী পেশায় অটোভ্যান চালক ও আলামিন দিনমজুর। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
 
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত