ক্রীড়া অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য

ফুটবল বিশ্বকাপের প্রথম বাঁশি বাজতে এখনো কয়েকদিন বাকি। কিন্তু  বৈশ্বিক অর্থনীতির অন্দরে এর প্রতিধ্বনি ইতোমধ্যে শোনা যাচ্ছে। জার্সি  তৈরির কারখানা থেকে শুরু করে কনটেইনারবাহী জাহাজ, বিজ্ঞাপন সংস্থা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বকাপকে ঘিরে সক্রিয় হয়ে উঠছে এক বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশও। তাই ২০২৬ বিশ্বকাপকে শুধু খেলার আসর হিসেবে দেখলে ভুল হবে; এটি বৈশ্বিক সাপ্লাই চেইন ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে। ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঘটনা।

২০২৬ সালের বিশ্বকাপ, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবং সেই ব্যবস্থাকে আরও বিস্তৃত করবে। এবার ৪৮টি দলের অংশগ্রহণে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য প্রশ্ন হলো এই বিশ্বকাপ কি শুধুই বিনোদনের জন্য উপলক্ষ মাত্র, নাকি এর সঙ্গে দেশের অর্থনীতিরও কোনো সম্পর্ক রয়েছে? প্রথম দর্শনে মনে হতে পারে, বিশ্বকাপের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির সম্পর্ক খুবই সামান্য। বাংলাদেশ আয়োজক দেশ নয়, অংশগ্রহণকারীও নয়। ফলে পর্যটন আয়, টিকিট বিক্রি, অবকাঠামো নির্মাণ বা আন্তর্জাতিক দর্শনার্থীদের ব্যয়ের মতো সরাসরি সুবিধা দেশ পাবে না। কিন্তু আধুনিক বিশ্ব অর্থনীতির বাস্তবতা ভিন্ন। আজকের পৃথিবীতে উৎপাদন, বিপণন ও বাণিজ্য এমনভাবে আন্তÍঃসংযুক্ত যে, বিশ্বের এক প্রান্তে সংঘটিত একটি বড় ঘটনা অন্য প্রান্তের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। বিশ্বকাপ সেই ধরনেরই একটি  বৈশ্বিক ঘটনা।

বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু হলো তৈরি পোশাকশিল্প। দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে এই খাত থেকে। বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক বাজারে ক্রীড়াসামগ্রী ও স্পোর্টসওয়্যারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। জার্সি, ট্রেনিং কিট, ক্যাপ, জ্যাকেট, স্কার্ফ এবং বিভিন্ন প্রচারণামূলক পোশাকের বাজার বিশ্বকাপের আগে দ্রুত সম্প্রসারিত হয়।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অনেক পণ্য বাংলাদেশের কারখানায় উৎপাদিত হওয়ায় এই চাহিদা বৃদ্ধির একটি অংশ দেশের শিল্প খাতে এসে পৌঁছায়। ফলে বিশ্বকাপের অর্থনীতি থেকে বাংলাদেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়; বরং বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার একটি অংশ হিসেবে পরোক্ষভাবে যুক্ত। এখানেই আসে সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলের প্রশ্ন। বিশ্বকাপ যত বড় হবে, এই সরবরাহ শৃঙ্খলের কার্যক্রমও তত বাড়বে। ফলে বাংলাদেশের মতো উৎপাদননির্ভর অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বকাপকে কেন্দ্র করে কেবল পোশাকশিল্পই নয়, সংশ্লিষ্ট আরও অনেক খাত উপকৃত হতে পারে। ২০২৬ সালের বিশ্বকাপকে বোঝার জন্য শুধু ক্রীড়া অর্থনীতি নয়, বর্তমান বৈশ্বিক বাণিজ্য বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নতুন সুযোগের মুখোমুখি। বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আয়োজনগুলো বিভিন্ন সক্ষমতা যাচাইয়ের সুযোগ এনে দেয়। একই সঙ্গে এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় যে, শুধু কম শ্রমমূল্য দিয়ে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। উৎপাদনের মান, প্রযুক্তি ব্যবহার, শ্রমিকের দক্ষতা, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস দক্ষতা বাডাতে হবে। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতিতে যে দেশ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে সংযুক্ত হতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যের সুফলও সেই দেশই বেশি পায়। বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড তাই বাংলাদেশের জন্য কেবল সাময়িক ব্যবসায়িক সুযোগ নয়; বরং বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার একটি বাস্তব বার্তা।

বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও বিশ্বকাপ একটি বিশেষ অর্থনৈতিক পরিবেশ তৈরি করে। বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই জার্সি, পতাকা, ব্যানার এবং বিভিন্ন সজ্জাসামগ্রীর বিক্রি বাড়তে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়ীরা মৌসুমি ব্যবসার সুযোগ পান। ফুটপাতের দোকান থেকে শুরু করে আধুনিক শপিংমল পর্যন্ত সর্বত্র বিশ্বকাপ-সংশ্লিষ্ট পণ্যের উপস্থিতি দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন বাণিজ্যের প্রসারের ফলে এই বাজার আরও বিস্তৃত হয়েছে। ফেসবুকভিত্তিক ব্যবসা, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ক্ষুদ্র উদ্যোক্তারা বিশ্বকাপকে ঘিরে নতুন গ্রাহক আকর্ষণ করেন। বিশ্বকাপের সময় বিজ্ঞাপন ও মিডিয়া খাতও উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়ে ওঠে। টেলিভিশন চ্যানেল, বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানগুলো বাড়তি আয় করে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটি সেবা খাতের একটি মৌসুমি প্রবৃদ্ধি। ডিজিটাল অর্থনীতির যুগে বিশ্বকাপের আরেকটি তাৎপর্য রয়েছে। বর্তমানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর বড় অংশ অনলাইনে খেলাধুলা অনুসরণ করে। ইউটিউব, ফেসবুক, টিকটক এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বকাপ-সংশ্লিষ্ট কনটেন্টের চাহিদা বৃদ্ধি পায়। স্পোর্টস ব্লগার, ভিডিও নির্মাতা, বিশ্লেষক এবং ডিজিটাল উদ্যোক্তারা নতুন দর্শক ও আয়ের সুযোগ পান। অর্থাৎ বিশ্বকাপ এখন কেবল মাঠের খেলা নয়; এটি ডিজিটাল অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবে অর্থনীতির প্রতিটি সুযোগের বিপরীতে কিছু চ্যালেঞ্জও থাকে। বিশ্বকাপ উপলক্ষে দেশে আমদানিকৃত জার্সি, পতাকা এবং অন্যান্য ক্রীড়াসামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে কিছু বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। আবার অনেক পরিবার নতুন টেলিভিশন, স্মার্টফোন বা অন্যান্য বিনোদনপণ্য কিনে থাকে, যেগুলোর বড় অংশ আমদানিনির্ভর। ফলে সাময়িকভাবে আমদানি ব্যয় বৃদ্ধি পেতে পারে। যদিও এর প্রভাব সামগ্রিক অর্থনীতির তুলনায় খুব বড় নয়, তবুও এটি অর্থনৈতিক বিশ্লেষণের অংশ।

বাংলাদেশে খেলাধুলার জনপ্রিয়তা থাকলেও, এই অর্থনৈতিক সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদে ক্রীড়াকে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে চায়, তাহলে ফুটবল একাডেমি, ক্রীড়া অবকাঠামো, স্পোর্টস ম্যানেজমেন্ট এবং ক্রীড়া বিপণনের দিকে গুরুত্ব দিতে হবে। তরুণদের জন্য পেশাদার ক্রীড়া-ভিত্তিক কর্মসংস্থান তৈরি করতে হবে। একই সঙ্গে স্থানীয় লিগগুলোর মান উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বিশ্বকাপের বৈশ্বিক অর্থনীতি আমাদের দেখায়, সঠিক পরিকল্পনা থাকলে খেলাধুলাও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হতে পারে।

লেখক : ব্যাংক কর্মকর্তা ও কলাম লেখক

liplisa7@gmail.com