লেবু পুষ্টিগুণে ভরপুর উপকারী ফল। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত লেবু খেলে হৃদস্বাস্থ্য ভালো থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বকের উজ্জ্বলতা ও সুস্থতা বজায় রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় এক টুকরা লেবু সুস্থ থাকার সহজ অভ্যাস।
লেবু সংরক্ষণ
লেবু কিনে যদি ৫-৭ দিনের মধ্যে ব্যবহার করার পরিকল্পনা থাকে, তাহলে লেবু শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। সরাসরি রোদে রাখবেন না। এতে লেবুর খোসা দ্রুত শুকিয়ে যেতে পারে।
দীর্ঘদিন ভালো রাখতে লেবু ফ্রিজে রাখা সবচেয়ে ভালো। লেবুগুলো একটি জিপলক ব্যাগ বা বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজের ভেজিটেবল ড্রয়ারে রাখুন। এভাবে সংরক্ষণ করলে সাধারণত ৩-৪ সপ্তাহ পর্যন্ত টাটকা থাকে।
অর্ধেক বা কাটা লেবু খোলা অবস্থায় রাখলে দ্রুত শুকিয়ে যায়। কাটা অংশটি নিচের দিকে রেখে একটি ঢাকনাযুক্ত পাত্রে বা প্লাস্টিক র্যাপে মুড়ে ফ্রিজে রাখুন। ২-৩ দিনের মধ্যে ব্যবহার করা ভালো।
অতিরিক্ত লেবুর রস বের করে আইস কিউব ট্রেতে জমিয়ে রাখতে পারেন। পরে প্রয়োজনমতো একটি বা দুটি কিউব ব্যবহার করা যাবে। এতে রসের স্বাদ ও গুণাগুণ অনেকটাই বজায় থাকে।
পুরো লেবুও ফ্রিজারে রাখা যায়। ব্যবহারের আগে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রাখলে সহজে কাটা ও রস বের করা যায়।
জেনে রাখুন
সংরক্ষণের সময় নরম, ফাটা বা দাগযুক্ত লেবু আলাদা করে রাখুন। ভেজা অবস্থায় সংরক্ষণ করবেন না। নিয়মিত পরীক্ষা করে নষ্ট বা ছত্রাকযুক্ত লেবু সরিয়ে ফেলুন, যাতে অন্য লেবু নষ্ট না হয়।