আবার আর্জেন্টিনাই জিতবে বিশ^কাপ
বিশ্বকাপ ফুটবল মানেই অন্যরকম উত্তেজনা। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। তাই বিশ্বকাপ এলেই আমার চোখ সবার আগে থাকে আকাশি-সাদা জার্সিধারীদের দিকে। তবে সমর্থন এক জিনিস, আর বাস্তব মূল্যায়ন আরেক জিনিস। এবারের বিশ্বকাপ হবে ৪৮ দলের। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি হবে, প্রতিযোগিতাও হবে আরও কঠিন। অনেক নতুন দল নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবে। তাই কোনো ম্যাচই সহজ হবে না। আমার মতে, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও পর্তুগাল এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে রয়েছে। আর্জেন্টিনার স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়রা ভালো ছন্দে আছে। তাদের অভিজ্ঞতা ও আক্রমণভাগের শক্তি দলকে এগিয়ে রাখবে বলে মনে করি। তবে ব্রাজিলকেও সমান গুরুত্ব দিতে হবে। তাদের দলটি খুবই ব্যালান্সড। কোচের কৌশল এবং খেলোয়াড়দের মান দীর্ঘ টুর্নামেন্টে বড় ভূমিকা রাখবে। স্পেন, ফ্রান্স ও পর্তুগালের মতো দলগুলোরও শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। তারপরও একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আশা করি, দলটি আবারও সেরার মুকুট জিতবে এবং সমর্থকদের আনন্দে ভাসাবে।
জাপানের জাদুতে মুগ্ধ বিশ্বনাথ
আমি ২০১৪ বিশ্বকাপ থেকেই জাপানের সমর্থক। তাদের ফুটবল দর্শন, শৃঙ্খলা এবং দলগত খেলা আমাকে সবসময় মুগ্ধ করে। বিশ্ব ফুটবলে জাপান হয়তো ঐতিহ্যগত পরাশক্তি নয়, কিন্তু তারা প্রতিটি বড় টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেয়। এ কারণেই দলটির প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। শুরু হওয়া বিশ্বকাপটি হবে আরও আকর্ষণীয়, কারণ এবার ৪৮টি দেশ অংশ নেবে। ফলে ম্যাচের সংখ্যা যেমন বাড়বে, তেমনি প্রতিযোগিতাও হবে অনেক বেশি জমজমাট। নতুন নতুন দল নিজেদের মেলে ধরার সুযোগ পাবে, যা বিশ্বকাপকে আরও বৈচিত্র্যময় করে তুলবে। শিরোপার লড়াইয়ে আমার চোখে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেন অন্যতম দাবিদার। বিশেষ করে স্পেনকে এবার বেশ শক্তিশালী মনে হচ্ছে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে তারা দারুণ একটি দল গড়ে তুলেছে। তাদের বল দখলভিত্তিক ফুটবল এখনও বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। জাপানের খেলোয়াড়দের মধ্যে কাওরু মিতোমার খেলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণভাগে প্রভাব সত্যিই অসাধারণ। পাশাপাশি তাকেফুসা কুবোর খেলাও উপভোগ করি। তার সৃজনশীলতা ও ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা জাপানের জন্য বড় সম্পদ।
যে কেউ জিততে পারে বিশ্বকাপ
আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমার হৃদয় অবশ্যই নীল-সাদা জার্সির পক্ষেই কথা বলে। কিন্তু ফুটবল যে কেবল আবেগের খেলা নয়, বরং বাস্তবতা ও পারফরম্যান্সেরও হিসাব আছে। বিশ্বকাপের মতো বড় আসরে কোনো দলকে আগেভাগে চ্যাম্পিয়ন ঘোষণা করা কঠিন। একদিকে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে শক্তিশালী ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিযোগিতা এতটাই বেড়েছে যে একটি ম্যাচ, একটি ভুল কিংবা একটি মুহূর্তই পুরো সমীকরণ বদলে দিতে পারে। তাই আমি বাস্তবসম্মত। একজন সমর্থক হিসেবে আমি আর্জেন্টিনার সাফল্য দেখতে চাই, কিন্তু একজন ফুটবলার হিসেবে জানি, শিরোপা জিততে হলে পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখাতে হয়। কারণ বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণই হলো অনিশ্চয়তা। শেষ বাঁশি বাজা পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারে না, কার হাতেই উঠবে ফুটবলের সবচেয়ে কাক্সিক্ষত ট্রফি।