তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৩২ এএম

ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো এবার একটি নয়; বরং তিনটি ভিন্ন দেশে তিনটি আলাদা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে বিশ্বমঞ্চের। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের তিনটি নান্দনিক স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন খেলা আর সংস্কৃতির এক অপূর্ব মহোৎসব। প্রতিটি দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে শুরু হবে এই আয়োজন।

ফিফা বিশ্বকাপ ট্রফিকে মূল থিম করে সাজানো এই তিনটি অনুষ্ঠানই বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী টেলিভিশন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন।

এই জমকালো উৎসবের সূচনা হবে আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকাতে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই প্রথম পর্বে লাতিন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয় মঞ্চ মাতাবেন। তারা যৌথভাবে গেয়ে শোনাবেন এবারের আসরের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। মেক্সিকান ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের এই কনসার্টে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানা।

উৎসবের দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে, কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে। কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরতে এই মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

সর্বশেষে ১৩ জুন (শনিবার) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউডের চকমকে আবহে সাজানো এই সমাপনী পর্বে সুরের ঝড় তুলবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার ও অ্যানিত্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত