বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশি-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। এশিয়ার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া ২০২৬’এ তার পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান। তিনি সোনারগাঁওয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমে সন্তান। বর্তমানে কানাডায় বসবাস করছেন ওয়াহিদ ইবনে রেজা।
গত ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে এই উৎসব আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে বাংলাদেশি ওয়াহিদ ইবনে রেজাও রয়েছেন।
ভিএফএক্স ও অ্যানিমেশনের মাধ্যমে মিডিয়ার আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তার নির্মিত অ্যানিমেটেড মুভি ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে বর্তমান দুনিয়ায় পরিবেশগত বিপর্যয় নিয়ে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও উলভারিনের প্রকৃতির সঙ্গে সহাবস্থান খোঁজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানান।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন দুনিয়ায় কাজ করা এই নির্মাতা তার সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদকে চলচ্চিত্রটি উৎসর্গ করে বলেন, আমি সত্যিই আশা করি যে আমরা একসঙ্গে এই পৃথিবীকে ওর (সামারা) এবং ওর প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরও ভালো একটি জায়গা করে তুলতে পারব।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।