গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুলের নামে এক ইজিবাইক চালক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পার্শ্ববর্তী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশে ঝোপ-ঝাড়ের ভিতর থেকে বুধবার (১০ জুন) বিকালে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শহিদুল মাতুব্বর কমলাপুর গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় নিখোঁজ ডাইরি হওয়ার পরে দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন কমলাপুর গ্রামের নুর হোসেন ও পলাশ শেখ।
নিহত শহিদুল মাতুব্বরের ভাই শাহিদুল মাতুব্বর জানান, ৬ জুন সকালে আমার ভাই ইজিবাইক চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটা জিডি করি। পরে আমরা খবর পাই নুর হোসেন ও পলাশ আমার ভাইকে নিয়ে গেছে। ভাইয়ের ইজিবাইক ছিনতাই করে তারা আমার ভাইকে মেরে ফেলেছে।