মিরপুরে বৃষ্টিতে বন্ধ খেলা, অস্ট্রেলিয়া ০/৩ থেকে ১৮৭/৮

মারনাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট জুটি যখন লড়াকু সংগ্রহের আশা দেখাচ্ছিল অজি শিবিরে তখনই জোড়া উইকেট শিকারে বাংলাদেশকে আবারো ম্যাচের চালকের আসনে বসালেন তাসকিন আহমেদ। তবে এর ওভার দুই বাদেই ম্যাচে বাগড়া দিল বৃষ্টি এবং খেলা এই মুহূর্তে রয়েছে বন্ধ। এখন পর্যন্ত ৪২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১৮৭ রান। 

মিরপুরে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা যেন স্বপ্নের মতোই হয়েছিল বাংলাদেশের। দলীয় রানের খাতা খোলার আগেই শুরু তিন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান তাসকিন-মুস্তাফিজরা। পরে দলীয় ২৪ রানের মাথায় অজিদের উইকেটরক্ষক ব্যাটার ক্যারিকেও ফেরান মুস্তাফিজ। 

ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরুর সেই চাপ সামলে এগোনোর বার্তা দেন সফরকারীদের অধিনায়ক জশ ইংলিশ। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি কেউই। এই দুজনকেই ফেরান স্পিনার তানভির ইসলাম। অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ তখন ৬ উইকেটে স্রেফ ৮১ রান।

সম্ভাবনা জেগেছিল দ্রুতই ইনিংস গুটিয়ে যাওয়ার। তবে লাবুশেন ও বার্টলেটের ফিফটিতে সেই শঙ্কা ছাপিয়ে লড়াকু সংগ্রহের পথে জশ ইংলিশের দল। ৭ম উইকেটে তাদের ১০৩ রানের জুটি থামে দলীয় ১৮৪ রানে। সেখানে বার্টলেট ৫২ রানে ফিরলেও ৫৫ রান করে এখনও অপরাজিত আছেন লাবুশেন। 

সিরিজের দ্বিতীয় ম্যাচ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। সাইফ হাসানে পরিবর্তে একাদশে জায়গা মিলেছে সৌম্য সরকারের। এদিকে লিয়াম স্কটের বদলে অস্ট্রেলিয়া একাদশে জায়গা মিলেছে রাইলি মেরেডিথের।