পিরোজপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর ও মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার আইচকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় পিরোজপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার আইচ পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের খুমুরিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত অনিল কুমার আইচ ও ঊষা রাণী আইচের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) দিবাগত রাতে পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনা ঘটে। এসময় শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে থাকা শিবঠাকুরের প্রতিমা ভাংচুর, মহাদেবের মাথায় অগ্নিসংযোগ এবং মন্দিরে থাকা প্রণামীর প্রায় ৫ হাজার টাকা চুরি হয়। এছাড়াও সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে যায়। পরের দিন সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর পুলিশ সুপার। এ ঘটনায় ঐ দিন একটি জিডি দায়েরের পর মালামাল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মন্দিরের অস্থায়ী পুরোহিত পঙ্কজ তেওয়ারী বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

এরপর পুলিশ ঘটনার তদন্ত শেষে প্রদীপের সম্পৃক্ততা পেয়ে তাকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, পৌর শ্মশানের কালীমন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর ও মালামাল চুরির ঘটনায় ঐদিন থেকে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে প্রদীপের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।