রাজধানীতে পৃথক স্থানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) ও বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলীসহ (৫০) দুই জনের মৃত্যু হয়। ওই দুই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশের রাস্তায় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে একাধিক গাড়ি চাপা দেয়। এতে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবুও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
এর আগে ঢাকার বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন। ইয়াকুব আলীর ছেলে মানিক ইয়াসিন জানান, তার বাবা পোস্তগোলা ব্রিজ এলাকায় কাজ শেষ করে মিরপুরের বাসায় যাওয়ার জন্য রাইডারকে কল করেন। পরে সেসই মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার পথে একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক তার বাবাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে ইয়াকুব আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইয়াকুব আলী পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওলানিয়া গ্রামের নুর মোহাম্মদ কাজীর সন্তান। তিনি বর্তমানে ঢাকার পল্লবীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।