রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, রিয়েল এস্টেট খাতের সুষ্ঠু বিকাশে ডেভেলপার প্রতিষ্ঠানসমূহের আইনানুগ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল বৃহস্পতিবার রাজউক অডিটোরিয়ামে ১৩২টি নতুন নিবন্ধিত রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হক।
নব-নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানসমূহকে ইমারত নির্মাণ আইন, বিধিমালা এবং অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণের নির্দেশনা দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ, নির্মাণমান নিশ্চিতকরণ এবং আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা সম্ভব।