খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধসহ তিন দফা দাবিতে আগামী রবিবার (১৪ জুন) থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় সভা করার পরেও মালিক সমিতির তিন দফা দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে যেতে হচ্ছে বলে জানিয়েছে মালিক সমিতির নেতারা। আগামী ১৪ জুন থেকে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকার অনুমোদন ব্যতীত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা, এবং দূরপাল্লার পরিবহণে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহণ বন্ধ করা।
বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে সরকারি ১৮টি বিআরটিসির বাস চলাচলের চুক্তি ছিল। কিন্তু চলছে তার চেয়ে বেশি। মহাসড়কগুলোতে অবৈধ থ্রিহুইলারগুলো নিয়মিত চলাচল করছে। তাই খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধসহ তিন দফা দাবিতে ২০২৪ সাল থেকে স্থানীয় প্রশাসনের সাথে খুলনা ও বরিশাল বিভাগের সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়ন কয়েক দফা সভা হয়। প্রশাসন আমাদের দাবির বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েও তা সুরাহা করতে পারেনি। আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের। প্রশাসনকে অনেক সময় দিয়েও আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি। তাই আমরা বাধ্য হয়ে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে গত ২০ মে একটি জরুরী সভা করে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে স্ব স্ব জেলার প্রশাসনকে জানানো হয়। আমরা আশা করেছিলাম ১১ জুনের আগে প্রশাসন সমস্যার সমাধান করবে। কিন্তু প্রশাসন আমাদের দাবির বিষয়গুলো সমাধান না করায় আগামী ১৪ জুন ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছি।
এবিষয়ে জানতে চাইলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন দুপুরে এই প্রতিবেদককে বলেন, বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবহিত আছে। তাদের সঙ্গে ইতিমধ্যে একটা সভা করেছি। আগামী ১৪ জুন থেকে মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট যাতে না হয় তার উদ্যোগ নিচ্ছি। আশা করছি আগেই সমাধান হয়ে যাবে।